হবিগঞ্জে মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ৪:২০ অপরাহ্ন
সিলেটের শহীদ স্মৃতি উদ্যানে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে। লাক্কাতুরা চা-বাগানের সহকারী ব্যবস্থাপক শহীদ সৈয়দ সিরাজুল আব্দালসহ মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী লাক্কাতুরা চা-বাগান থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে সৈয়দ সিরাজুল আব্দালকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেন প্রবাসী সাংবাদিক ও কবি শামীম আজাদ। একইভাবে শহীদ সাইফ উদ্দিন চৌধুরী সুফি ও তার সহযোদ্ধাদের স্মৃতিও তুলে ধরা হয় অনুষ্ঠানে। তাদের পরিবারের সদস্যরা সমাধিস্থলের সামনে নীরবে বসে থেকে শ্রদ্ধা জানান।
মুক্তিযুদ্ধ চলাকালে বর্তমান সিলেট ক্যাডেট কলেজ এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করে নির্যাতন ও হত্যাকাণ্ড চালায়। ওই স্থানে দুই শতাধিক মানুষকে গণকবর দেওয়া হয়, যা পরবর্তীতে বধ্যভূমি হিসেবে পরিচিতি পায়। দীর্ঘদিন সংরক্ষিত এলাকা থাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত ছিল।
২০২৩ সালের ৩ মার্চ বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক ও অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমদের উদ্যোগে সেখানে গড়ে তোলা হয় ‘স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান’। স্বাধীনতা দিবসে সেই উদ্যানে বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও কবিতা পাঠের আয়োজন করে।
প্রবাসী কবি শামীম আজাদের সংগঠন ‘বিজয় ফুল’ এ উপলক্ষে কবিতা পাঠ ও স্মৃতিচারণের আয়োজন করে। বিকেল ৫টায় অনুষ্ঠিত কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন শামীম আজাদ। এতে অংশ নেন মাসুদা সিদ্দিকা রুহি, রওশন আরা বাঁশি, নাসিমা চৌধুরী মিলি, মুক্তা চৌধুরী ও কবি ধ্রুব গৌতমসহ অনেকে। এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ফাদার জোসেফ গোমেজ, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, হাসিনা বেগমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
বিকেল ৪টায় কিডনি ফাউন্ডেশন-সিলেট, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট এবং জালালাবাদ ইনার হুইল ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সিলেট স্বাধীনতা দিবস, শহীদ স্মৃতি উদ্যান, মুক্তিযুদ্ধ স্মৃতিচারণ, বিজয় ফুল, সিলেট ক্যাডেট কলেজ বধ্যভূমি