র্যাবের অভিযানে কুলাউড়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা, একটি সিলগালা
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ৫ মার্চ, ২০২৬ ১:৩৭ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় ভেজালবিরোধী অভিযানে একটি প্রতিষ্ঠান সিলগালা এবং তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুলাউড়া থানাধীন রবিরবাজার এলাকায় র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় রবিরবাজার এলাকার ‘ধানসিঁড়ি রেস্টুরেন্ট’ এর মালিক আবু মো. নাসিম উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই অভিযানে ‘আল মদিনা মিষ্টি ঘর’ এর মালিক আবুল বশরকে ৫০ হাজার টাকা এবং ‘মেসার্স সুজন মিষ্টি ঘর’ এর মালিক সুজন কুমার দেবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে তিন প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ জানায়, খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির মতো অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।
র্যাব-৯ অভিযান, কুলাউড়া, ভেজালবিরোধী অভিযান, ভোক্তা অধিকার অভিযান, মৌলভীবাজার খবর, প্রতিষ্ঠান জরিমানা