০৪ মে ২০২৬

দৈনন্দিন

উন্নয়ন সংস্থাগুলোকে দ্রুত ও মানসম্মত কাজ করার নির্দেশ সিসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন


সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতেই হবে। তিনি অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, বিগত ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রশাসনের একাংশ সহযোগিতা করেছ— এমন চিত্র আর দেখতে চান না তিনি।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউস-এ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক ও জনবান্ধব হওয়ার নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের দুজন মন্ত্রী বর্তমানে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছেন। তাঁদের একজন এই নগরীর সংসদ সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, অন্যজন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। এই প্রেক্ষাপটে প্রশাসনের ওপর জনগণের প্রত্যাশা আরও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, আমরা জনগণের কাজ করার জন্য বিভিন্ন দায়িত্ব পেয়েছি। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। যার যে দায়িত্ব আছে, তা বিশেষ গুরুত্ব দিয়ে সঠিকভাবে পালন করতে হবে। বিশেষ করে উন্নয়ন সংস্থাগুলোকে দ্রুত ও মানসম্মতভাবে উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

 

কর্মকর্তাদের উদ্দেশে কঠোর ভাষায় তিনি আরও বলেন, অতীতে আপনাদের মতোই কিছু লোক ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে। আমরা সেসব দেখতে চাই না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই এবং জনগণের প্রয়োজনীয় সব কাজ দ্রুত সম্পন্ন করতে চাই। বৈঠকে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিসিক, কাইয়ুম চৌধুরী, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ