০৪ মে ২০২৬

দৈনন্দিন

সরকার শিল্প ও বাণিজ্যের প্রসারে দক্ষ জনশক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকার শিল্প ও বাণিজ্যের প্রসারে দক্ষ জনশক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দক্ষ ও সুশৃঙ্খল নাগরিক তৈরিতে বিএনসিসি ও রোভার স্কাউটের কোনো বিকল্প নেই।

 

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনসিসি প্রতিষ্ঠা করেছিলেন, আজকের তরুণদের সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

খন্দকার মুক্তাদির বলেন, মদন মোহন কলেজের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি কারিগরি ও নেতৃত্বদানে দক্ষ হয়ে উঠতে পারে, সে লক্ষ্যে বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। বিএনসিসি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে।

 

এ সময় কলেজের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

 

সভায় বিএনসিসি ক্যাডেটরা অভিযোগ করেন, রাজনৈতিক সংকীর্ণতার কারণে বিগত ১৭ বছর তারা চরম বৈষম্যের শিকার হয়েছেন। প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হওয়ায় এই জাতীয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত পালন করতে দেওয়া হয়নি। ক্যাডেটরা জানান, করোনা মহামারি ও সিলেটের ভয়াবহ বন্যার সময় জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ালেও তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

 

রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বিএনসিসিকে প্রাপ্য মর্যাদা প্রদান। আগামী ২৩ মার্চ যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ নিশ্চিত করা। প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি।


কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার-এর সভাপতিত্বে এবং বিএনসিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক আলী হাসান পারভেজ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, মেজর ড. তোফায়েল আহমেদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

 

সভায় বক্তারা বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খন্দকার মুক্তাদির, বাণিজ্যমন্ত্রী, সিলেট, রোবার স্কাউট, বিএনসিসি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ