কর্মস্থলে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে কুলাউড়ার এক ব্যক্তির মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
ট্রেনে করে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে ট্রেনের একটি বগিতে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। পরে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
নিহত জসিম উদ্দিন কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল জিন্নানগর গ্রামের মৃত মুসলিম উল্লার ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মো. জসিম উদ্দিন রাজধানী ঢাকায় একটি লেদার কোম্পানীতে চাকরি করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতের আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেনে কর্মস্থলে ফিরতে রওয়ানা দেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে ট্রেনের একটি বগিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার মৃত্যু হয়।
সহযাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় তিনি পানি চাইলে উপস্থিত একজন যাত্রী তাকে পানি পান করান এবং অন্যরাও তাকে সহযোগিতা করেন।
ঘটনার পর বিষয়টি কমলাপুর রেলওয়ে থানা পুলিশকে জানালে, তারা ট্রেন কমলাপুর স্টেশনে পৌছার পর ট্রেন থেকে মরদেহটি নিয়ে যায়। পরবর্তীতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নিহতের চাচাতো ভাই জয়নাল আবেদীন জানান, শুক্রবার রাতে বাদ এশা স্থানীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
ট্রেন, অসুস্থতা, মৃত্যু, কমলাপুর রেলওয়ে থানা, কর্মস্থল, জানাজা