২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

গারো ১৬ পরিবারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: নাগরিক প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন


সিলেটের খাদিমনগর এলাকায় বসবাসরত গারো জনগোষ্ঠীর ১৬টি পরিবার উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। পুনর্বাসনের স্থায়ী ব্যবস্থা না করে এসব পরিবারকে উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছে একটি নাগরিক প্রতিনিধি দল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় প্রতিনিধি দলটি সদর উপজেলার কল্লোগ্রামের ফিসারী ছড়ারপাড়স্থ গারোপাড়া পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দল জানতে পারে, প্রায় ৬০-৭০ বছর ধরে তিন প্রজন্মের প্রায় ৮০ জন মানুষ ২৫ দশমিক ৭ ডেসিমেল জায়গায় কাঁচা-পাকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্স প্রদান এবং জাতীয় পরিচয়পত্রে ওই ঠিকানা থাকা সত্ত্বেও সম্প্রতি একটি স্থানীয় হাউজিং কোম্পানির পক্ষ থেকে তাদের উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে।

এতে নারী ও শিশুরা চরম আতঙ্কে রয়েছে বলে জানান স্থানীয়রা। তারা নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন। প্রতিনিধি দল অভিযোগ পায়, সরকারি প্রশাসন স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে পরিবারগুলোকে স্থানান্তরের আশ্বাস দিলেও একটি প্রভাবশালী গোষ্ঠী অবিলম্বে উচ্ছেদের চেষ্টা করছে, যা মানবাধিকারের লঙ্ঘন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল আরও লক্ষ্য করে, বিসিক শিল্পনগরী থেকে আসা ছড়ায় শিল্পবর্জ্যের মারাত্মক দূষণ রয়েছে। দূষিত ছড়ায় মাটি ফেলে প্রাকৃতিক প্রবাহ পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। ছড়ার প্রবাহ বাধাগ্রস্ত হলে গারো পরিবারগুলোর বসতি মারাত্মক ঝুঁকিতে পড়বে এবং দূষিত পানির দুর্গন্ধে সেখানে বসবাস করা অসম্ভব হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

পরিদর্শন শেষে দলের প্রধান ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সিলেট শাখার আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার) বলেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শান্তিপ্রিয় ও নির্বিবাদী। কয়েক প্রজন্ম ধরে বসবাসরত গারো পরিবারগুলোকে মানবিক দিক বিবেচনায় পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা উচিত নয়। বিশেষ করে শিশু, নারী ও বয়োবৃদ্ধদের যেন কোনোভাবেই বস্তুচ্যুত করা না হয়।

নাগরিক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আদিবাসী গবেষক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, নাগরিক সংগঠক আব্দুল করিম কিম, আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের ফাদার যোশেফ গোমেজ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী, সংবাদকর্মী শাকিল জামান ও আব্দুর রহমান হিরা, নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবুসহ অন্যান্যরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গারো পরিবার, প্রতিনিধি দল, খাদিমনগর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ