১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

পুলিশের ওয়াকিটকিসহ দুই যুবক আটকের ঘটনায় এসআই কামরুল ক্লোজড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

ছবিঃ এসআই কামরুল আলম। সংগৃহীত

সিলেটে প্রাইভেটকার থেকে পুলিশের ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়ালসহ দুইজনকে আটকের ঘটনায় কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে। 


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাঁকে দায়িত্ব থেকে ক্লোজড করে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

এর আগে, গতকাল সোমবার রাতে নগরীর বাইপাস সড়ক এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় সিলেট মেট্রোপলিটোন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় গাড়ি থেকে একটি ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই যুবককে আটক করে পুলিশ। যুবকরা তাদের নিজেদের সাংবাদিক পরিচয় দেন। 

 

আটক দুই যুবক হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মিয়া ও ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির বালু পাথরের লাইনম্যান হিসেবে পরিচিত জুনায়েদ আহমদ। এ ঘটনায় তাদেরকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

পুলিশ সূত্রে জানা যায়, জব্দ করা প্রাইভেটকার ও ওয়াকিটকি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের। অবশ্য এ বিষয়ে প্রাইভেটকারের মালিকানা স্বীকার করেছেন এসআই কামরুল।

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামিদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কোম্পানীগঞ্জ থানার (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘সিলেটের বাইপাস সড়কে প্রাইভেটকার থেকে পুলিশের ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে ক্লোজড করে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’

 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

এসআই কামরুল, ক্লোজড, ওয়াকিটকি, চাইনিজ কুড়াল, অপরাধ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ