০২ মে ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-৩ আসন

জোটের একক প্রার্থী হলে জয়ের আশা মুশতাকের, দোদুল্যমান ভোটে নজর হোসাইনের

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন


শান্তিগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থীরা রোববার বিকেলে পৃথকভাবে গণসংযোগ করেছেন। খেলাফত মজলিস মনোনীত হাফিজ শেখ মুশতাক আহমদ (দেয়াল ঘড়ি) ও স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ মিশেল (ফুটবল) উপজেলার পাগলা বাজারে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন।

দুজন প্রার্থীর সঙ্গে ছিলেন তাদের কর্মী ও সমর্থকরা। তারা পাগলা বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রচারণা শুরু করে বাজারের প্রধান প্রধান গলি ঘুরে ভোটারদের কাছে ভোট ও দোয়া কামনা করেন। এসময় লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ও করা হয়।

প্রচারণা শেষে খেলাফত মজলিস প্রার্থী মুশতাক আহমদ বলেন, ‌‘শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় যাচ্ছি। ভোটাররা প্রচণ্ড সাড়া দিচ্ছেন এবং আমাদের আশ্বস্ত করছেন। তারা পরিবর্তন চাচ্ছেন। আমি অন্যান্য প্রার্থীদের তুলনায় ব্যতিক্রম।’

তিনি আরও জানান, ১১ দলীয় নির্বাচনী জোটের মধ্যে শীঘ্রই একক প্রার্থীর নাম ঘোষণা হবে এবং তিনি সেই প্রার্থী হিসেবে এগিয়ে যাচ্ছেন। একজন প্রার্থী হিসেবে দাঁড়ালে আমরা ভোট বিপ্লব ঘটাবো। আমাদের সুযোগ দিলে বিজয় নিশ্চিত।। তিনি বিজয়ী হলে সুনামগঞ্জ-৩ আসনকে মডেল আসনে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ মিশেল বলেন, ‘আমি একমাত্র নিরপক্ষ স্বতন্ত্র প্রার্থী। প্রথাগত দলগুলো থেকে বহিষ্কৃত প্রার্থীরা হলেও তারা কোনো না কোনোভাবে দলীয়। জরিপ অনুযায়ী প্রায় ৪৮.৫ শতাংশ ভোটার কোনো দলকেই সমর্থন করেন না। আমি তাদের দিকে নজর রেখে প্রচারণা চালাচ্ছি। নির্বাচিত হলে প্রথাগত রাজনীতি ভাঙবো।’

সাবেক মন্ত্রী এম এ মান্নানের প্রসঙ্গ তুলে মিশেল বলেন, ‘মন্ত্রী সাহেব কাউকে সমর্থন দেননি। কিছু প্রার্থী প্রচারণায় দাবি করছেন মন্ত্রী তাদের পাশে আছেন। এটি সম্পূর্ণ মিথ্যা। যারা মিথ্যা বলে নির্বাচিত হতে চায়, তারা জনগণের সাথেও মিথ্যাচার করবে।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-৩ আসন, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, ভোট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ