৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাকসু নির্বাচন নিয়ে যা বললেন শাবিপ্রবির ভিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন


আদালতের স্থগিতাদেশে বহাল শাকসু নির্বাচন, দ্রুত শুনানির চেষ্টা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আপাতত স্থগিতই থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ এখনো বহাল থাকায় নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজন সম্ভব হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৯ জানুয়ারি) শিক্ষার্থীদের সঙ্গে সিন্ডিকেটের বৈঠক শেষে এক লিখিত বক্তব্যে এসব কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বক্তব্যে উপাচার্য বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শাকসু নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয় এবং কমিশনকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হয়। গত কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত ও মৌখিকভাবে নির্বাচন পেছানোর অনুরোধ জানানো হলেও প্রশাসন তা উপেক্ষা করে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়। সে অনুযায়ী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর মধ্যেই গত ১৩ জানুয়ারি নির্বাচন কমিশন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির নির্বাচন কমিশন শাকসু নির্বাচনকে ওই প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখার জন্য আবেদন করে। আবেদনের পর নির্বাচন কমিশন শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দেয়।

তবে পরে তিনজন শিক্ষার্থী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। হাইকোর্ট রিটটি আমলে নিয়ে শাকসু নির্বাচন আয়োজনের ওপর স্থগিতাদেশ দেন। এ আদেশ প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আপিল করে। চেম্বার জজ আপিল গ্রহণ করলেও এখন পর্যন্ত শুনানির কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি। ফলে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রয়েছে।

উপাচার্য আরও জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি চেম্বার আদালতে দ্রুত শুনানি সম্পন্ন করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

আদালতের নির্দেশনা পাওয়া মাত্রই শাকসু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাকসু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভিসি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ