২২ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

যাদুকাটা নদী রক্ষা: সুনামগঞ্জের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন


যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদী ও পরিবেশ রক্ষায় দেওয়া নির্দেশনা বাস্তবায়ন না করায় সুনামগঞ্জের ডেপুটি কমিশনারের (ডিসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।


রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না এবং কেন তাকে শাস্তি দেওয়া হবে না।


এর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ৩ জুন হাইকোর্ট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনকে অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ে পুরানলাউর, চালিয়ারঘাট, লামাশ্রম, পূর্বদইল ও ঘাগড়া মৌজাসহ বিভিন্ন এলাকায় নদীতীর ও নদীতল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।


তবে আদালতের ওই নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত বছর আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করে। মামলায় বলা হয়, হাইকোর্টের রায় অমান্য করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।


মামলায় আরও উল্লেখ করা হয়, পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) ছাড়াই ডিসি যাদুকাটা নদীতে দুটি বালুমহাল ঘোষণা করে ইজারা দেয়, যা নদী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে। যদিও ২০২৫ সালে এসব ইজারা সাময়িকভাবে স্থগিত করা হয়, এরপরও নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকে বলে অভিযোগ আনা হয়।


বেলার পক্ষ থেকে আদালতকে জানানো হয়, নির্বিচারে বালু ও পাথর উত্তোলনের ফলে যাদুকাটা নদী বিপজ্জনকভাবে বসতবাড়ির কাছাকাছি চলে এসেছে। অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধ না করা হলে অন্তত ২০টি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।


এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে যাদুকাটা নদীর ইজারা বাতিল ও নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ ১৩ জন সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠায় বেলা।


রোববার আদালতে বেলার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। তাকে সহায়তা করেন আইনজীবী এস. হাসানুল বান্না ও রুমানা শারমিন।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, যাদুকাটা, নদী, বেলা, রুল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ