০৪ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ওসমানীতে নারী চিকিৎসকের উপর হামলা

প্রশাসনের সাথে হয়নি সমঝোতা, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের সাথে সমঝোতা না হওয়ায় টানা ২২ ঘন্টা ধরে কর্মবিরতি রয়েছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা। তবে আগামীকাল সকালে দ্বিতীয় দফা প্রশাসনের সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন কর্মবিরতিতে থাকা চিকিৎসকরা। 

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০ টায় সিলেট ভয়েসকে ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত চিকিৎসকদের নিরাপত্তার দেয়ার ব্যাপারে হাসপাতাল প্রশাসনের কাছ থেকে কোন সমাধান না আসায় এ কর্মবিরতি অব্যাহত রয়েছে।

ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, আমাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে এটি আমরা প্রত্যাহার করিনি কারণ হাসপাতাল প্রশাসন এখনো আমাদের এই আশ্বাস দিতে পারেনি যে তারা চিকিৎসার জন্য নিরাপত্তা বাড়াবে বা কি পরিমাণ ফোর্স তারা আমাদের দিবে। আমাদের আগামীকাল সকালে আবারও প্রশাসনের সাথে বৈঠকের কথা রয়েছে, আশা করি বৈঠকের পর একটি সিদ্ধান্ত আসলে হয়তোবা ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন। 

এদিকে শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন।


সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের প্রশাসন থেকে তিনজনের নাম উল্লেখ করে জিডি করে গিয়েছেন। আটক তিন আসামিদের আমরা ইতিমধ্যেই ৫৪ ধারায় আদালতে সোর্পদ করেছি।

অন্যদিকে নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর থেকেই হাসপাতাল ও আশপাশের এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখছে। আশা করছি দ্রুত একটি স্থায়ী সমাধানে পৌঁছানো যাবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ইন্টার্ন চিকিৎসক, কর্মবিরতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ