২৫ মে ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / সংস্কৃতি

বাউলশিল্পী আব্দুস শহীদের গানের সংকলন ‘মধুমালা গীতি’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন


যুক্তরাজ্য প্রবাসী বাউলশিল্পী আব্দুস শহীদের গানের সংকলন ‘মধুমালা গীতি’র মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর দরগা গেইট এলাকাস্থ শহীদ সুলেমান হলে লাল মিয়া শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বক্তারা জানান, ‘মধুমালা গীতি’ কেবল একটি গীতিসংকলন নয়, এটি বাউল দর্শন, মানবপ্রেম ও আত্মঅন্বেষণের এক সুরেলা দলিল। এই গীতি সংকলনে দেহতত্ত্ব, মরমিয়া প্রেম, গুরু-শিষ্য ভাবনা ও আত্মার মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে গভীরভাবে। আব্দুস শহিদের কণ্ঠে ও কথায় লোকজ জীবনের সহজ ভাষায় প্রকাশ পেয়েছে দর্শনের গভীরতা। 

 

বক্তারা আরও জানান, ‘সহজিয়া ও বাউল অন্তপ্রাণ মানুষ বাউল শহীদ। তিনি বাউল গানকে হৃদয় থেকে ধারণ করেন। বাউল জগতের মানুষের জন্য উনার মনে যে অকৃত্রিম টান তা বরাবরই প্রকাশ পেয়েছে। এ ধরেনের মানুষ আমাদের আরো প্রয়োজন। রাধারমণ, দূরবীনশাহ, শাহ আবদুল করিমের রেখে যাওয়া পথের পথিক তিনি। তাঁর কলম থেকে যে কথাগুলো আসবে তা মানুষের হৃদয় স্পর্শ করবে। উনার গানগুলো ছড়িয়ে দিতে হবে।’ 

 

সংগীতশিল্পী আশরাফুল ইসলাম অনির সঞ্চালনায় ও বাউল সমুজ মিয়ার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, গীতিকবি চিকিৎসক জহিরুল ইসলাম অচিনপুরি, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, সাংস্কৃতি ব্যক্তিত্ব ও নাট্যজন আমিরুল ইসলাম বাবু, গীতিকবি শাহ নুরজালাল, সংগীতগুরু নিশিকান্ত দাশ, বাউলশিল্পী বিরহী কালা মিয়া, বাউলশিল্পী বিরহী লাল মিয়া, কবি ইসলাম উদ্দিন, গীতিকবি আরশ আলী, বাউল শিল্পী নুর ইসলাম।    

 

বক্তারা জানান, ‘যুক্তরাজ্যের বাউল সংগীত প্রেমিদের মধ্যে সুপরিচিত নাম বাউল শহিদ। সদ্য প্রয়াত সাধক খোঁয়াজ মিয়ার হাতেধরে শৈশবে গানের হাতেখড়ি তাঁর। শুধু গান দিয়ে নয় বেহালা ও দোতরা দিয়েও তিনি বাউল গান প্রেমিদের মধ্যে অনন্য জায়গা করে নিয়েছেন।’ 

 

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে আব্দুস শহিদ বলেন, ‘বাউল গান আমার সাধনা। ‘মধুমালা গীতি’ সেই সাধনারই এক বিনীত ফল। আমি কোনো বাউল শিল্পী নই, আপনাদের সেবার দাশ বলতে পারেন। আমার গানের এই সংকলনের নামকরণ করে গেছেন আমার গুরু মরহুম খোঁয়াজ মিয়া। আমার পরম সৌভাগ্য যে তাঁর চরণ ধুলি আমি পেয়েছি। সেই সাহস নিয়ে কিছু কথা লেখার চেষ্টা করেছি। এছাড়া, এই সংকলনে আমার বড় ভাই আব্দুল মালেকের ১৭টি গান সংযোজন করা আছে। এরমধ্যে যদি একটি গানও আপনাদের ভালো লাগে তাহলে আমার এই শ্রম সার্থক হবে। ’

 

মোড়ক উন্মোচন শেষে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউলগানের গবেষক, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় শিল্পী ও সংগীতপ্রেমীরা। মোড়ক উন্মোচন শেষে বাউল সংগীত পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীরা।

 

উল্লেখ্য, মধুমালা গীতি বইটিতে বাউল আব্দুস শহিদের ১৪৫টি লোকধারার বিভিন্ন পর্যায়ের গান ও বাউল আব্দুল মালেকের ১৭টি গান সংকলন করা হয়েছে। বইটিতে ভূমিকা লিখেছেন লোক সংস্কৃতিতে বাংলা একাডেমির পদকপ্রাপ্ত লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ। উৎস প্রকাশনির পরিবেশনায় বইটি প্রকাশ করেছেন সংগীতশিল্পী ইকবাল সাঁই ও বাউল বিরহী লাল মিয়া।


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ