২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

শিক্ষক বীরেন্দ্র দেবের বাড়িতে আগুন, দুর্ঘটনাজনিত বলেই ধারণা প্রশাসনের

প্রতিনিধি, গোয়াইঘাট, সিলেট

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রয়াত স্কুলশিক্ষক বীরেন্দ্র দেব (ঝুনু মাস্টার) এর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সংঘটিত এই আগুনে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

ঘটনার পর থেকেই অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে কিছু পোস্টে রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়েছে এমন দাবি করা হয়। তবে সরেজমিনে তদন্ত ও সংশ্লিষ্টদের বক্তব্যে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

শুক্রবার (১৬ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, আগুনটি দুর্ঘটনাজনিত বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বীরেন্দ্র দেবের বাড়িটি গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামের পূর্ব পাড়ায় অবস্থিত। বৃহস্পতিবার দুপুরের দিকে খড়ের (গো-খাদ্য) ঘরে আগুন লাগার পর তা দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বীরেন্দ্র দেবের চার ছেলে এই বাড়িতে বসবাস করেন। তাঁর বড় ছেলে বিকাশ চন্দ্র দেব, যিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষক, জানান খড়ের ঘরটি বসতঘরের সঙ্গে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। তাঁর স্ত্রী টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে প্রথম আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

বিকাশ চন্দ্র দেব বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু পাইনি। এটি নিছক দুর্ঘটনা। এলাকার মানুষের সহযোগিতায় সব হারিয়েও আমরা এখনো দাঁড়িয়ে আছি।’

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার নব কুমার সিংহ জানান, প্রাথমিক তদন্তে খড়ের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে। সবার বক্তব্য অনুযায়ী আগুনের সূত্রপাত খড়ের ঘর থেকেই হয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, অগ্নিকাণ্ড, বীরেন্দ্র দেব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ