২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে তারেক রহমানের জনসভায় ৩ লাখ মানুষ সমাগমের লক্ষ্য বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৬ ১:২৫ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২২ জানুয়ারি সিলেট আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি। দেশে ফেরার পর এটিই হবে ঢাকার বাইরে তাঁর প্রথম সফর। 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে দলের প্রথম নির্বাচনী জনসভায় অন্তত তিন লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বিএনপি। এ লক্ষ্যে স্থানীয় নেতা-কর্মীরা প্রস্তুতি বৈঠকসহ নানা তৎপরতা শুরু করেছেন।


দলীয় সূত্র জানিয়েছে, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতেই তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। সফরের দিন সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করবেন। 


এরপর বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।


সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। তবে ফেরার পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। 


তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলেট নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক শোডাউন করার পরিকল্পনা রয়েছে দলটির। বিশেষ করে তিনি যেসব সড়ক দিয়ে যাতায়াত করবেন, সেই সব রাস্তার দুই পাশে বিপুল মানুষের উপস্থিতির মাধ্যমে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।


আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভা সফল করতে বিএনপি ও ছাত্রদল পৃথকভাবে প্রস্তুতি বৈঠক সম্পন্ন করেছে। 


গত বুধবার রাতে নগরের মেন্দিবাগ এলাকায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় দলের শীর্ষ স্থানীয় নেতারা বক্তব্য দেন। 


সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এনামুল হক চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।


সভায় আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমানের সিলেট সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতের সব বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে সিলেটের মানুষ যেমন গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, এবারও ঐক্যবদ্ধভাবে এই জনসভাকে সফল করবে। 


এদিকে তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলও পৃথক প্রস্তুতি সভা করেছে। 


তোপখানা এলাকায় আয়োজিত ওই সভায় সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ছাত্রদলের প্রতিটি কর্মীকে শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জনসভাকে সাফল্যমণ্ডিত করতে হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, তারেক রহমান, বিএনপি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ