হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। রবিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‍্যাব জানায়, শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে-শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার একটি আকাশমনি গাছ বাগানের ঝোপের মধ্যে একটি এয়ারগান লুকানো রয়েছে।

সংবাদ পাওয়ার পর রাত প্রায় ১টা ২৫ মিনিটে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে ঝোপের ভেতর একটি প্লাস্টিকের ব্যাগে রাখা পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

র‍্যাব-৯ সূত্র জানায়, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কাজে ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এয়ারগানটির প্রকৃত মালিক বা এর পেছনের উদ্দেশ্য উদঘাটনে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা এয়ারগানটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, পরিত্যক্ত, এয়ারগান, উদ্ধার, র‍্যাব-৯