০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

দাবির মুখে নিষিদ্ধ হলো আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মে, ২০২৫ ১১:১১ অপরাহ্ন


উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আজ শনিবার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 


সংশোধনী অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন কিংবা সংশ্লিষ্ট সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। 


এই নিষেধাজ্ঞার আওতায় সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এই পদক্ষেপটি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

একই সভায় ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এই ঘোষণাপত্রে চলমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচারের রূপরেখা এবং ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো নিয়ে দিকনির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ এই বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিচারের স্বচ্ছতা এবং জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে উপরোক্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আওয়ামী লীগ, নিষিদ্ধ, অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ