২০ এপ্রিল ২০২৬

অনিয়ম-দুর্নীতি

তাহিরপুরে 'মুক্তির মঞ্চ' পাঠাগারের ঘর দখল করে বিএনপির কার্যালয়

আবির হাসান মানিক, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ন


মুক্তিযুদ্ধে ৫নং সেক্টরের একটি সাব সেক্টর ছিল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট। দেশ স্বাধীন হওয়ার পর টেকেরঘাট সাব-সেক্টর এলাকাটি কেন্দ্র করে 'মুক্তির মঞ্চ' গড়ে তোলা হয়।

সেখানে মুক্তিযোদ্ধাদের অফিস ও পাঠাগারের জন্য পৃথক ঘর বরাদ্দ দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু ২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পাঠাগারের জন্য বরাদ্দকৃত ঘরটি স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী সাইনবোর্ড ঝুলিয়ে নিজেদের দখলে নিয়ে নেয়। এবং রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। 

জানা যায়, সুনামগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনা এবং হবিগঞ্জের হাওরাঞ্চল নিয়ে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টর। এই সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয়। ৫নং সেক্টরের একটি সাব সেক্টর ছিল তাহিরপুর উপজেলার টেকেরঘাট। এই সাব সেক্টরটি প্রধানত গেরিলা যুদ্ধের জোন হিসেবে গড়ে ওঠে। মুক্তিযুদ্ধের সময় এখানে প্রথম শাহাদাত বরণ করেন দাসপার্টির গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম। টেকেরঘাট তাঁর সমাধি রয়েছে। 

এমন অভিযোগ পেয়ে সরেজমিনে টেকেরঘাট এলাকায় থাকা মুক্তির মঞ্চে গিয়ে দেখা গেছে, মুক্তিযোদ্ধাদের পাঠাগার করার জন্য বরাদ্দকৃত ঘরটিতে বিএনপির স্থানীয় কার্যালয়ের একটি সাইনবোর্ড ঝুলানো রয়েছে। ওই সাইনবোর্ডটিতে লিখা, ' বাংলাদেশ জাতীয়তাবাদ দল, তাহিরপুর উপজেলা শাখা, টেকেরঘাট অফিস কার্যালয়।  

এ প্রসঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। এসময় মুক্তিযোদ্ধারা ক্ষোভ নিয়ে জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানের সঙ্গে কেন এমন দুর্ব্যবহার করা হচ্ছে। কেউ অফিস দখলে নিয়ে যেতে চাই, কেউ আবার পাঠাগার কক্ষটিতে সাইনবোর্ড ঝুলিয়ে দলের রাজনৈতিক অফিস বানিয়ে ফেলে। এ কোন দেশে বাস করছি আমরা।

তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে এই ঘরটি মুক্তিযোদ্ধারা ব্যবহার করে আসছেন। বর্তমানে ঘরটির সামনে বিএনপির নেতাকর্মীরা নিজেদের অফিসের জন্য সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছে। এ নিয়ে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে বহুবার কথা বলেছি, তাঁরা আশ্বাস দিয়েছেন, ঘরটি দখলে নিবে না। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রকৃতপক্ষে তাঁরা ঘরটি দখল করে নিয়েছে। 

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে প্রকৃতপক্ষে ঘরটি যদি মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত হয় তবে সেখানে আমি দলীয় কার্যালয় করার পক্ষে না। তিনি আরও বলেন, এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

টেকেরঘাট মুক্তির মঞ্চে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান। তিনি বলেন, ঘরটিতে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দখলে নেওয়ার বিষয়টি মুক্তিযোদ্ধারা আমাকে জানিয়েছেন। সমস্যা নিরসনে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

তাহিরপুর, মুক্তিযুদ্ধ, মুক্তির মঞ্চ, পাঠাগার, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ