০৩ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

দাবি আদায়ে চতুর্থ দিনেও ১ ঘণ্টার কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ মে, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ন


সহকারী শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে চতুর্থ দিনের মতো চলে ১ ঘণ্টার কর্মবিরতি। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল আহাদ বলেন, 'মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানে আমাদের দাবি বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি চলছে। ২০০৯ সালে সর্বশেষ সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৫ বছরেও অধিকাংশ শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাননি। পাশাপাশি ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়েও রয়েছে জটিলতা। আমাদের কর্মসূচি শিক্ষক সমাজের পেটে ভাত আর শিক্ষার মান রক্ষার জন্য।

সিলেট জেলা কমিটির সভাপতি প্রমথেশ দত্ত বলেন, আমাদের এই আন্দোলন বেতন বৃদ্ধির জন্য নয়, মর্যাদা প্রতিষ্ঠার জন্য। বৈষম্য রেখে কখনো উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সরকারের কাছে অনুরোধ, দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করে আমাদেরকে শ্রেণিকক্ষে মনোনিবেশের সুযোগ দিন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সহকারী শিক্ষক কর্মবিরতি, সিলেট প্রাথমিক শিক্ষক আন্দোলন, ১১তম গ্রেড দাবি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ