২২ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

অবৈধ দখলে সৌন্দর্য হারাচ্ছে ‘বাংলার কাশ্মীর’ খ্যাত শহীদ সিরাজ লেক

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন


তাহিরপুরের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক শহীদ সিরাজ লেক, যা নিলাদ্রী লেক নামেও পরিচিত, এখন দখল আর অব্যবস্থাপনায় হুমকির মুখে। মেঘালয় পাহাড়ঘেঁষা বিসিআইসির জায়গায় গড়ে ওঠা এই লেককে ঘিরে সারা বছরই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকদের ভিড় থাকে। অপার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেকের কাছে এটি পরিচিত ‘বাংলার কাশ্মীর’ নামে। কিন্তু সেই সৌন্দর্যই এখন ক্রমে হারিয়ে যেতে বসেছে।

লেকের পশ্চিম পাড়জুড়ে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে উঠছে অবৈধ দোকানকোঠা। আগে যারা ভ্রাম্যমাণ ব্যবসায়ী ছিলেন, তাদের অনেকেই এখন স্থায়ী স্থাপনা গড়ে তুলে লেকের গুরুত্বপূর্ণ অংশ দখল করে নিয়েছেন। এতে লেকের স্বাভাবিক পরিবেশ ও খোলা দৃশ্যপট মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভাষ্য, লেকের একেবারে পাড় ঘেঁষে দোকান নির্মাণের কারণে নষ্ট হচ্ছে দৃষ্টিনন্দন পরিবেশ। এতে শুধু সৌন্দর্যই নয়, পর্যটন সম্ভাবনাও হুমকির মুখে পড়ছে। তারা আশঙ্কা করছেন, দখল অব্যাহত থাকলে ভবিষ্যতে পর্যটকরা এই স্থান এড়িয়ে যেতে পারেন।

পর্যটক ফারদিন আহমেদ বলেন, লেকের মূল আকর্ষণ এর খোলা ও প্রাকৃতিক পরিবেশ। দোকানগুলো যদি কিছুটা দূরে সরিয়ে নেওয়া হয়, তাহলে ব্যবসায়ীদের ক্ষতি হবে না, বরং লেকের সৌন্দর্য রক্ষা পাবে।

স্থানীয় বাসিন্দা মুমিন মিয়াসহ অনেকে মনে করেন, শহীদ সিরাজ লেক শুধু বিনোদনের স্থান নয়; এটি তাহিরপুরের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার প্রতীক। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চান।

এর আগেও লেক এলাকায় ‘ইত্যাদি’ লেখা একটি তোরণ নির্মাণ করা হলে মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের দাবির মুখে প্রশাসন তা ভেঙে ফেলে। তবে নতুন করে গড়ে ওঠা দোকানগুলোর বিষয়ে দীর্ঘদিন কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে।

এ বিষয়ে ২৮ বিজিবি ব্যাটালিয়ন, সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেখা হবে। 

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, শহীদ সিরাজ লেক এলাকার অবৈধ দোকানগুলো আজ-কালের মধ্যেই উচ্ছেদ করা হবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

অবৈধ দখল, সৌন্দর্য হারাচ্ছে, বাংলার কাশ্মীর, শহীদ সিরাজ, লেক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ