২২ এপ্রিল ২০২৬

ব্যবসা-বাণিজ্য

বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে: শিল্পমন্ত্রী

আঞ্চলিক সহযোগিতা জোরদার ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন


বাণিজ্য, পাট ও বস্ত্র এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দ্রুত শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশ ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।’ 

 

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান মন্ত্রী। 

 

নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিল্পখাতে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে এবং উভয় দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।’

 

সাক্ষাৎকালে আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেয় নেপাল। তাছাড়া বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ ও বিনিয়োগ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

সাক্ষাতে নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে এ দেশে শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 

 

বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান, এম এ কামাল বিল্লাহ এবং নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লালিটা সিলওয়ালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

বাংলাদেশ, নেপাল, বাণিজ্য সম্পর্ক, উদ্যোক্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ