২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শাহপরাণে ফাহিম হত্যা মামলা: প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৫ ৩:৪০ অপরাহ্ন


সিলেটের শাহপরাণে ফাহিম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে হবিগঞ্জ সদর উপজেলার লোকরা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আলম খান (৩২) সিলেট মহানগরীর উত্তর বালুরচর শান্তিবাগ এলাকার মৃত জাফর আলী খানের ছেলে। তিনি এ মামলার ১ নম্বর পলাতক আসামি।

র‌্যাব জানায়, গত ১০ নভেম্বর বিকেল ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে ফাহিমের ওপর হামলা চালানো হয়। শাহপরাণের ছড়ারপাড় এলাকায় আলম খানের নেতৃত্বে একদল লোক দা, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাহিমের পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাতাড়ি কোপাতে ও পিটাতে শুরু করে।

হামলায় ফাহিম গুরুতর জখম হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফেরার পথে ১১ নভেম্বর রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে নিহতের বাবা শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে র‌্যাব-৯ ও সিপিসি-৩ (হবিগঞ্জ) যৌথভাবে গোয়েন্দা তৎপরতা চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে আলম খানকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, র‌্যাব, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ