০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ইছামতিতে পীর ছাহেব কাজী রফিক আহমদের জানাজা সম্পন্ন

প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৫ ৯:২৫ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরের ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা কাজী রফিক আহমদ পীর ছাহেব ইছামতির জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
 
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় তাজপুর মঙ্গলচন্ডি নিশকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর নিজ গ্রাম ইছামতিতে দাফন করা হয়। জানাজায় সিলেটের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ অংশ নেন।

জানাজার আগে মরহুমের জীবন ও কর্ম স্মরণ করে বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর, সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়া, কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল জলিল খানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা। জানাজার ইমামতি করেন পীর ছাহেবের ছেলে হাফিজ মুহিব আহমদ রুমক। দোয়া পরিচালনা করেন ভারতের পীর ছাহেব রামপুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, বিএনপি নেতা আবদাল মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন মাদরাসার শিক্ষক–উস্তাদ, সাংবাদিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ।
বক্তারা বলেন, মাওলানা রফিক আহমদ ছিলেন এ অঞ্চলের দ্বীনি খেদমতের একজন নিরলস প্রহরী। শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় কর্মকাণ্ডে তিনি ছিলেন একজন বিজ্ঞ অভিভাবক। তাঁর মৃত্যুতে এ অঞ্চল একজন প্রাজ্ঞ আলেমকে হারাল।

৭৭ বছর বয়সী মাওলানা কাজী রফিক আহমদ গত বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। তাঁর গ্রামের বাড়ি উছমানপুর ইউনিয়নের ইছামতি গ্রামে। পেশাগত কারণে তিনি তাজপুর কদমতলায় বাস করতেন। তিনি দীর্ঘদিন তাজপুর বাজার জামে মসজিদ ও মঙ্গলচন্ডি নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠা করেন তাজপুর জালালিয়া ইব্রাহীমিয়া আবাসিক হাফেজি মাদরাসা ও ইছামতি হাফেজি এতিমখানা। তাঁর বাসায় ছিল নিয়মিত খানকা।

তাহসীনা রুশদী লুনার শোক
মাওলানা কাজী রফিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার–পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। লুনা বলেন, ‘তিনি ছিলেন এ অঞ্চলের একজন ধর্মীয় ব্যক্তিত্ব। তাঁর মাধ্যমে দ্বীনের অনেক কাজ হয়েছে। তাঁর মৃত্যুতে ওসমানীনগরবাসী এক দ্বীনদরদী মানুষকে হারাল।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমানীনগর, পীর ছাহেব ইছামতি,তাহসীনা রুশদী লুনা, শোক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ