০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটের এসপি-ইউএনওর পর এবার ১৫ বিচারকের পদোন্নতি ও বদলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৫ ১০:১৭ অপরাহ্ন


বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে একযোগে ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলার ১৫ জন বিচারক পদোন্নতির তালিকায় স্থান পেয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই প্রজ্ঞাপনে পদোন্নতির পাশাপাশি তাদের নতুন পদায়নও নিশ্চিত করা হয়।
 
যাদের মধ্যে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু ওবাইদাকে সিলেট মহানগর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিনকে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ কানিজ ফাতিমাকে পাঠানো হয়েছে পারিবারিক আপিল আদালতে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. ন. ম ইলিয়াসকে পদোন্নতি দিয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঝলক রায় দায়িত্ব পেয়েছেন সিলেট সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারর ইউসুফকে নিজ জেলার পারিবারিক আপিল আদালতের পূর্ণাঙ্গ বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখারকে মনসীগঞ্জ জেলা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে এবং ফারহানা ইয়াসমিনকে সুনামগঞ্জ পারিবারিক আপিল আদালতে পদায়ন করা হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইলাহী হয়েছেন মৌলভীবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক। সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহেদু করিম একই জেলার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের দায়িত্ব পেয়েছেন।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হককে পাঠানো হয়েছে ফেনী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম কামাল উদ্দিন দায়িত্ব পেয়েছেন সিলেট শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে।

এ ছাড়া মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনকে মুন্সীগঞ্জ পারিবারিক আপিল আদালতে এবং হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার ছাদাতকে নরসিংদী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী প্রথম গ্রেডের ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে তাদের পদোন্নতি কার্যকর করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদায়নকৃত স্থানে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া চলতি পদে দায়িত্বভার ২৭ নভেম্বরের মধ্যে হস্তান্তর এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনাও দিয়েছে আইন মন্ত্রণালয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জুডিসিয়াল সার্ভিস, জেলা ও দায়রা জজ, পদোন্নতি, বদলী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ