১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

রায়হান হত্যা : পলাতক ৫ পুলিশের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৫ ৫:২৭ অপরাহ্ন


সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার যুক্তিতর্ক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। রাষ্ট্রপক্ষ মামলার পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। তবে কারাগারে থাকা একমাত্র আসামি এএসআই আশেক আলীর আইনজীবী সময় চাইলে আদালত আরও একদিনের সময় দেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। পরে আসামিপক্ষ সময় চাইলে আদালত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন। তিনি জানান, যুক্তিতর্ক শেষ হলে রায়ের তারিখ নির্ধারণ করবেন আদালত।

আদালত সূত্র জানায়, হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া চলতি বছরের ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এবং ১০ আগস্ট কারাগার থেকে মুক্তি পান। পরে জামিন স্থগিত হলেও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পলাতক রয়েছেন।


২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন হাসপাতালে এ তার মৃত্যু হয়। ঘটনা জানাজানি হলে রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করেন। তদন্তে নির্যাতনের সত্যতা মিললে এসআই আকবরসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে পিবিআই। প্রায় এক মাস পর ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে প্রধান অভিযুক্ত আকবরকে আটক করা হয়। ২০২১ সালের ৫ মে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে ছয়জনকে অভিযুক্ত করা হয়, এসআই আকবর হোসেন ভুঁইয়া, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন ও আবদুল আল নোমান।

একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয়। মোট ৬৯ সাক্ষীর মধ্যে ৬৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এখন চলছে চূড়ান্ত যুক্তিতর্ক। যুক্তিতর্ক শেষ হলেই বহু আলোচিত এই মামলার রায় ঘোষণার পথ খুলে যাবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

রায়হান হত্যা, পলাতক ৫ পুলিশ, যুক্তিতর্ক, শেষ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ