২০ এপ্রিল ২০২৬

অনিয়ম-দুর্নীতি

দুদকের গণশুনানী

ওসমানীতে চাকরি বাণিজ্যের অভিযোগে লাইব্রেরিয়ান বরখাস্ত, দুদক চেয়ারম্যানের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৫ ৬:০৩ অপরাহ্ন


সিলেটে দুদকের গণশুনানিতে সরকারি চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠতেই এম এ জি ওসমানী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান শেখর দাসকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। অভিযোগকারী বিশ্বজিৎ দাস জানান, শেখর দাস তাঁর কাছ থেকে চাকরির কথা বলে দুই লাখ টাকা নেন। কিন্তু পরে চাকরি না দিয়ে অর্থও ফেরত দেননি। অভিযোগ শোনার পরপরই দুদক চেয়ারম্যান বরখাস্তের নির্দেশ দিয়ে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

রোববার দুপুরে নগরের রিকাবীবাজারের কবি নজরুল মিলনায়তনে দুদকের সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে এই ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে শুরু হওয়া গণশুনানিতে মোট ৭৩টি অভিযোগের শুনানি হয়। বিভিন্ন দপ্তরের অভিযুক্ত কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকে শুধু দীর্ঘসূত্রতা নয়, দুদকে দুর্নীতিও আছে। আমরা সেবাগ্রহীতাদের অভিযোগগুলো নিয়মিত রেইডের মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।’ সরকারি দপ্তরগুলোর সেবাদানকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।

সিলেটের সাদাপাথর লুটকাণ্ডের প্রসঙ্গ টেনে দুদক চেয়ারম্যান বলেন, ‘সাদাপাথর সেখানে ছিল না, পরে এসেছে এটা সত্য। এখানে কারা জড়িত, সেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি তাঁদের পার্লামেন্টে চান’

এর আগে সকালে দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি জানান, নির্বাচনী হলফনামায় প্রার্থীদের বিদেশি সম্পদও বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। অনুপার্জিত সম্পদের হিসাব না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গণশুনানিতে পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া পাসপোর্ট না পাওয়া, হাসপাতালের ১৫ টাকার টিকিট ২০ টাকা নেওয়া, গ্যাস সংযোগে অনিয়মসহ একাধিক অভিযোগ ওঠে। প্রতিটি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা–উন–নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি’র অতিরিক্ত কমিশনার মু. মাসুদ রানা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

সিলেট, দুদক, দুর্নীতি দমন কমিশন, মোহাম্মদ আবদুল মোমেন।

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ