৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

কৃষকের শ্রম-ঘামের টাকায় দেশের অর্থনীতি এগিয়ে চলে: তাহসিনা রুশদী লুনা

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ৮:১৫ অপরাহ্ন


সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, কৃষক হচ্ছে বাংলাদেশের প্রাণ। কৃষকের শ্রম-ঘামের টাকায় দেশের অর্থনীতি এগিয়ে চলে। জাতি গঠনে কৃষকদের অবদান অনস্বীকার্য। ধানের শীষ হলো কৃষকের প্রতীক এবং বিএনপির প্রতীকও ধানের শীষ। তাই কৃষকরাই ধানের শীষকে বিজয়ী করার প্রধান শক্তি। 

 

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ড কৃষকদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তাহসিনা রুশদী লুনা বলেন, কৃষকের সুবিধার কথা ভেবে এম. ইলিয়াস আলী বিভিন্ন হাওরে রাস্তা নির্মাণ করেছিলেন এবং বহু স্থানে ব্রিজ-কালভার্ট নির্মাণ করেছিলেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং তার ঘোষিত ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে কৃষক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শিক্ষার উন্নয়নে কাজ করবে বিএনপি।

 

সভায় উমরপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি চমক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সহ-সভাপতি আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

তাহসিনা রুশদী লুনা, সিলেট-২, বিএনপি, কৃষক উন্নয়ন, ধানের শীষ, সিলেট সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ