০৬ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

‘ডিজিটাল প্লাটফর্ম’র দীপের প্রদীপ নিভলো প্রবাসে

মিফতা হাসান

প্রকাশঃ ১২ নভেম্বর, ২০২৫ ৯:৩০ অপরাহ্ন

ছবিঃ দীপঙ্কর দাশ দীপ। সংগৃহীত

দীপঙ্কর দাশ দীপ। সিলেটের জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। মাত্র একুশ বছর বয়সেই ‘ডিজিটাল প্লাটফর্ম’র দর্শকদের মাতিয়ে রাখতেন হাসি-ঠাট্টায়। মা, ভাই আর মামাকে নিয়ে পারিবারিক হাস্যরসাত্মক ভিডিও কনটেন্ট তৈরি করে অল্প সময়েই জয় করে নিয়েছিলেন হাজারও মানুষের মন। 

 

অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা ওই তরুণ উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাত্র এক মাস আগে পাড়ি জমান মালয়েশিয়ায়। কিন্তু কে জানতো-প্রবাসে পাড়ি দেওয়া দীপ চিরতরেই ওপারে পাড়ি জমাবে। দীপের মমতাময়ী মা কী জানতেন উচ্চ শিক্ষার গ্রহণ করতে যাওয়া তার ওই উজ্জ্বল প্রদীপটি চিরতরে নিভে যাবে।

 

কিন্তু সবকিছু ফেলে সত্যিই দীপের জীবন প্রদীপ নিভে গেছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে পাড়ি জমান তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। 

 

দীপঙ্কর দীপ সিলেট নগরীর টিলাগড় গোপালটিলা এলাকার বাসিন্দা দিব্যোজ্যোতি দাসের ছেলে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের নন্দীবাড়িতে। 

 

দীপ সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে মদন মোহন কলেজে স্নাতকে ভর্তি হন। গত ১৩ অক্টোবর উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া যান তিনি।

 

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে মালয়েশিয়ার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

 

মালয়েশিয়ায় বসবাসরত দীপের ফুফাতো বোন ঐশীর বরাত দিয়ে গোপালটিলার বাসিন্দা কবি পুলিন রায় বলেন, দীপ মারা গেছেন। তার মরদেহ সেখানে ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে।

 

তিনি বলেন, ‘দীপ অত্যন্ত মেধাবী ছিলো। সবসময় সে হাসি-খুশি থাকতো। খুব অল্প বয়সেই ভিডিও তৈরির মাধ্যমে সে মানুষের মনে জায়গা করে নিয়েছিল।’    

 

দীপের বন্ধু নুরুল আমীন জনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দীপ মারা গেছে এটা বিশ্বাসযোগ্য না। পরশু দিন মাত্র তার লগে মাত অইছে, সামনের মাসের ১-২ তারিখ দেশও আওয়ার কথা আছিল। আমার লগে মাতিসে, ভাই আইমু, তুমিও ভিসা লাগাইবায় বাদে একলগে আবার যাইমুনে। বাদে তুমি আইব্বায় আবার। সবে তার লাগি দোয়া করতা।’

 

সাংবাদিক জয়ন্ত বলেন, ‘আজ সকাল থাকি মর্মান্তিক খবর হচ্ছে দীপের মৃত্যুর খবর। গতকাইলও তাঁর লগে আমার মাত অইছে। সামনের ৬ তারিখ হে দেশও আয়রো। আমারে খইছে ভাই আফনে আমরার বাসাত আইবা, মা তারারে বুঝাইবা। আসলে একলা থাকা আমার ভালা লাগে না।’ 

 

সাংবাদিক শাকিলা ববি তাঁর নিজের ফেসবুকে লেখেন, ‘একটি দীপ নিভে গেলো। কোনোভাবেই মেনে নিতে পারছি না ওর মৃত্যু। বারবার মনে হচ্ছিল খবরটা মিথ্যা হোক। ছেলেটার সাথে কোনো পরিচয় ছিল না। কিন্তু ওর ভিডিও কন্টেন্ট দেখে দেখে আপন মনে হতো। এত তাড়াতাড়ি দীপের জীবন প্রদীপ নিভে যাবে ভাবিনি। ওর মৃত্যুর খবর শুনে বারবার উপলব্ধি হচ্ছে 'এই ধরনীতে শুধু মৃত্যুই সত্য’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দীপঙ্কর দাশ দীপ, সিলেট কনটেন্ট ক্রিয়েটর, দীপের মৃত্যু, মালয়েশিয়ায় তরুণের মৃত্যু, একুশে নিভে যাওয়া দীপ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ