০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে ডাকা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ন

ছবিঃ পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে ডাকা দুই দিনের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

কমিশনার বলেন, আমরা দেখতে পেয়েছি, রিকশা শ্রমিকদের আন্দোলনে বাহির থেকে ভাড়া করে লোক আনা হয়েছে। তারা প্রকৃত রিকশা শ্রমিক নয়। কিছু হকারকেও সেখানে জড়ো করা হয়েছে। আমাদের হাতে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে চিহ্নিত কিছু ছিনতাইকারী ও মাদকসেবীর উপস্থিতি ছিল। এতে আমাদের সন্দেহ হয়, এ আন্দোলনের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে।

তিনি অভিযোগ করে বলেন, আন্দোলনের নেতৃত্বে থাকা অধিকাংশ ব্যক্তি সিলেটের নন, এমনকি রিকশা চালকও নন। তৃতীয় কোনো শক্তি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 

আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, ফ্যাসিস্ট শক্তির ওপর ভর করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণ্য অপচেষ্টা চলছে। আমরা তা ব্যর্থ করার চেষ্টা করব। নগরবাসীর সহায়তা চাইছি।

তিনি বলেন, নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ব্যক্তিগত নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। তাই ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রতি আহ্বান জানিয়ে কমিশনার বলেন, আমাদের নিষেধাজ্ঞা মেনে চলুন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, পুলিশ কমিশনার, ব্যাটারিচালিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ