০৫ মে ২০২৬

দৈনন্দিন

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই দোকানের মালামাল, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়ার দোকানের প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারে ‘মেসার্স এনামুল হক অ্যান্ড ব্রাদার্স’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিশ্বনাথ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা গেছে, দোকানের ভেতরে নলকূপ স্থাপনকারী সাতজন শ্রমিক রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তাপ টের পেয়ে তাঁরা সজাগ হয়ে কোনোভাবে সাটার খুলে বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পান। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পাশের একটি ফার্নিচারের দোকানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় সেটি রক্ষা পায়।

‘মেসার্স এনামুল হক অ্যান্ড ব্রাদার্স’-এর পরিচালক সাইদুল ইসলাম ও তাঁর চাচাত ভাই আমির আলী বলেন, “আগুন কীভাবে লেগেছে, আমরা নিশ্চিত নই। ধারণা করছি, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা আরএফএল, গাজী ও এওয়ান কোম্পানির ডিলার। দোকানের সব মাল পুড়ে যাওয়ায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

বিশ্বনাথ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্রামুল ইসলাম বলেন, “দোকানের ভেতরে একটি ব্যাটারি চালিত ভ্যান ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত চার্জের কারণে সেটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিশ্বনাথ, অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ