০৪ মে ২০২৬

ধর্ম / সনাতন

‎সিলেট বিভাগে ২ হাজার ৭১১ মণ্ডপে দুর্গোৎসব, কাল দেবী বিসর্জন

মিফতা হাসান

প্রকাশঃ ১ অক্টোবর, ২০২৫ ১:৫১ অপরাহ্ন

ছবিঃ দিগন্ত তালুকদার।

কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাসনের মধ্য দিয়ে শুরু হয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নানা আয়োজনে সিলেট বিভাগের দুই হাজার ৭’শ ১১টি মণ্ডপে পালিত হয়েছে মহাঅষ্টমী।


আগামীকাল (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসবের এবারের আয়োজন।

‎সনাতন বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘটেছে গজে (হাতি) এবং গমন হবে দোলায় (পালকি)। শাস্ত্রমতে, দেবীর আগমন গজে হলে সমৃদ্ধি আসে, তবে গমন দোলায় হলে রোগ-শোক বাড়ার শঙ্কা থাকে।

‎এ বছর সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা হচ্ছে মৌলভীবাজারে। জেলায় মোট ১ হাজার ৮টি মণ্ডপে দুর্গাপূজা চলছে। সিলেট জেলা ও মহানগরে ৬১৮টি, সুনামগঞ্জে ৪২৪টি এবং হবিগঞ্জে ৬৬১টি মণ্ডপে চলছে পূজা-অর্চনা।

‎সিলেট জেলা ও মহানগরে ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা চলছে। এরমধ্যে সিলেট মহানগরে ১৪২টি সার্বজনীন ও ২০টি পারিবারিক পূজামণ্ডপ রয়েছে।

‎এছাড়া জেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জকিগঞ্জ উপজেলায়—৮৫টি, গোলাপগঞ্জে ৬২টি, ফেঞ্চুগঞ্জে ৪২টি, বিয়ানীবাজারে ৫৪টি, ওসমানীনগরে ৪০টি, গোয়াইনঘাটে ৪০টি, কানাইঘাটে ৩১টি, কোম্পানীগঞ্জে ২৭টি, বিশ্বনাথে ২৪টি এবং জৈন্তাপুরে ১৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

‎সুনামগঞ্জের ১২টি উপজেলায় ৪২৪টি মণ্ডপে চলছে আরাধনা। এর মধ্যে দিরাইয়ে সবচেয়ে বেশি, ৬৩টি মণ্ডপ। সুনামগঞ্জ পৌরসভা ও সদর উপজেলায় ৪৯টি, ছাতক পৌরসভা ও উপজেলায় ৩১টি, জগন্নাথপুর পৌরসভা ও উপজেলায় ৪১টি, শান্তিঞ্জ উপজেলায় ২১টি, জামালগঞ্জ উপজেলায় ৪৭টি, বিশ্বম্ভরপুরে ২৭টি, শাল্লায় ২৬টি, তাহিরপুরে ২৭টি, দোয়ারাবাজারে ২০টি, ধর্মপাশা ২০টি এবং মধ্যনগর উপজেলায় ৩২টি মণ্ডপে উতসবমুখোর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে।

‎হবিগঞ্জ জেলাজুড়ে ৬৬১টি মণ্ডপে আরাধনায় মত্ত রয়েছেন সনাতন ধর্মাবলম্ভীরা। হবিগঞ্জ সদর উপজেলায় ৪১টি, হবিগঞ্জ পৌরসভায় ৩৬টি, শায়েস্তাগঞ্জ উপজেলায় ও পৌরসভায় ১৯টি, আজমিরীগঞ্জে ৩৫টি, মাধবপুরে ১১৫টি, চুনারুঘাটে ৮৫টি, নবীগঞ্জে ৯৩টি, লাখাই উপজেলায় ৬৬টি, বাহুবলে ৫২টি এবং বানিয়াচং উপজেলায় সর্বোচ্চ ১১৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

‎এ বছর সিলেট বিভাগে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজার জেলায়। জেলার সাতটি উপজেলায় সর্বজনীন ৮৬৮টি ও ব্যক্তিগত ১৪০টি সহ মোট ১,০০৮টি পূজা মণ্ডপে পূজা পালিত হচ্ছে। 

‎এদিকে দুর্গোৎসব ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

‎বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ সিলেট ভয়েসকে জানান,অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও নিরাপত্তার দায়িত্ব পালন রয়েছেন। প্রতিদিনই একটি টিম সার্বক্ষণিক দেখাশুনা করছে। নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবীদের তালিকা সংশ্লিষ্ট থানায় দেয়া আছে। রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরাও তৎপর রয়েছেন। 

‎তিনি বলেন, 'উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম সিলেট ভয়েসকে জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সেই সাথে পাড়া-মহল্লাগুলোতেও নিয়মিত নজরদারি করা হচ্ছে।

‎তিনি বলেন, 'এখন পর্যন্ত  কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ধরণের পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে এবং এটি নিরঞ্জন পর্যন্ত থাকবে। সিসি ক্যামেরা দ্বারা সবকিছু মনিটর করা হচ্ছে।'


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

‎সিলেট , দুর্গোৎসব, দেবী বিসর্জন,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ