০৫ মে ২০২৬

দৈনন্দিন

ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ শিগগিরই শেষের আশ্বাস ডিসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৭ অপরাহ্ন


সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, জমি অধিগ্রহণে জটিলতার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে। তবে শিগগিরই এ প্রক্রিয়া শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজে জমি অধিগ্রহণের কারণে দেরি হচ্ছে। তবে সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেটে এসেছিলেন, আমরা বৈঠকও করেছি। আশা করছি ২–৩ মাসের মধ্যেই সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে।

তিনি জানান, ইতিমধ্যে বিদ্যুৎ ও গ্যাসলাইনসহ ইউটিলিটি সেবার লাইন সরিয়ে নেওয়া হয়েছে। আমরা আশাবাদী আগামী ৫–৬ মাসের মধ্যে সড়কটির মূল কাজ পুরোদমে শুরু হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়কের জন্য এখন পর্যন্ত মাত্র ১৫ শতাংশ জমি অধিগ্রহণ হয়েছে। বাকি ৮৫ শতাংশ জমি এখনো অধিগ্রহণের অপেক্ষায়।

২০২১ সালে ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর ছয় লেন সড়ক উন্নয়ন প্রকল্প’ হাতে নেওয়া হয়। ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের জন্য সাতটি জেলা থেকে ৮২৯ দশমিক ৮৩ একর জমি অধিগ্রহণ করতে হবে।

এ সময় ভাঙাচোরা বাস টার্মিনাল এলাকার সড়কের প্রসঙ্গও টেনে আনেন জেলা প্রশাসক। তিনি বলেন, মহাসড়কের কাজ চলমান থাকায় মেরামতের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হচ্ছে না। ফলে সড়কের বিভিন্ন জায়গা ভেঙে গেলেও সংস্কার করা যাচ্ছে না। আমরা সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করেছি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সারওয়ার আলম, জেলা প্রশাসক, অধিগ্রহণ, ঢাকা-সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ