০৫ মে ২০২৬

দৈনন্দিন

জকিগঞ্জে অনুমতিহীন নৌকা বাইচ, ২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ ব্যক্তি

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫০ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে প্রশাসনের অনুমতি না নিয়ে সুরমা নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবে হাসিম আলী (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা যায়নি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকায় আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হাসিম আলী জকিগঞ্জের বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের বাসিন্দা, মৃত রাজিব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নৌকার প্রতিযোগিতা চলাকালে ইঞ্জিনচালিত নৌকার ঢেউয়ে প্রতিযোগিতার একটি নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হন হাসিম আলী। সোমবার সকাল থেকে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও তাকে পাওয়া যায়নি।

নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন বলেন, নৌকাটি বাইচের নির্ধারিত এলাকা ছেড়ে ডুবেছে। তবে তাৎক্ষণিক অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি।

বারহাল ইউপি সদস্য ঈমান উদ্দিন জানান, এক ছেলে ও চার মেয়ের জনক হাসিম আলী নিখোঁজের ঘটনায় তার পরিবার চরম উদ্বেগে রয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, অনুমতি ছাড়াই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একজন নিখোঁজের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পর্কে প্রশাসনকে অবহিত করা হয়নি এবং অনুমতিও নেওয়া হয়নি। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জকিগঞ্জ, নৌকা বাইচ, সুরমা নদী, নৌকা ডুবে নিখোঁজ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ