২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

দক্ষিণ সুরমা ইউএনওর গাড়িচাপায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৮ অপরাহ্ন


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ ঘটে। নিহত ফরিদ মিয়া (৫৫)  উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়- দুপুরে ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। বেলা ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে।

 

নিহতের ভাই শরীফ আহমদ জানান, গাড়ি চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগে সে ঘটনাস্থলেই মারা গেছে।

 

এ বিষয়ে জানতে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি রায়ের মুঠোফোনে কল দিলে তিনি সাঁড়া দেননি। 

 

মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন জানান, ‘নিহতের পরিবার মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টাও চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ