০৫ মে ২০২৬

দৈনন্দিন

দিরাই-শাল্লা-জলসুখা মহাসড়কের অগ্রগতি রিপোর্ট প্রকাশের দাবি

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ন



সুনামগঞ্জের দিরাই-শাল্লা-জলসুখা আঞ্চলিক মহাসড়কের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি রিপোর্ট দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির।

গত রোববার (১৭ আগস্ট) সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর পাঠানো এক আবেদনে শিশির মনির উল্লেখ করেন, হাওর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ জলসুখা সড়কটি। স্বাধীনতার পর থেকে একাধিকবার কাজ শুরু হলেও তা থেমে যায়। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পুনরায় কাজ শুরু হলেও বর্তমানে প্রকল্পের কাজে স্থবিরতা দেখা যাচ্ছে।

‘মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ মহাসড়ক’ প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৭৬৯ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত নেওয়া হয়েছে। বর্তমানে দিরাই-শাল্লা অংশে ২০ কিলোমিটার এবং শাল্লা-আজমিরীগঞ্জ অংশে ১৬ কিলোমিটার রাস্তার কাজ চলছে। তবে কাজের অগ্রগতির বিষয়ে জনগণের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

শিশির মনির বলেন, “কত শতাংশ কাজ শেষ হয়েছে, কেন কাজ ব্যাহত হচ্ছে, দিরাই-শাল্লা অংশের বাজেট কত—এসব তথ্য জনগণের জানার অধিকারভুক্ত।”

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে—বর্ষায় বিট বালুর অভাব, নদী-খাল থেকে বালু উত্তোলনে উদ্যোগের ঘাটতি, রাজনৈতিক প্রভাব, জমি অধিগ্রহণে ধীরগতি এবং অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধে অব্যবস্থাপনা।

এসব সমস্যার দ্রুত সমাধান ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দিরাই, শাল্লা, সুনামগঞ্জ, শিশির মনির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ