১৭ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

এসআইইউ-তে ‘মেন্টর টক’

শেক্সপিয়র গ্যালাক্সির মতো বিস্ময়কর : ড. মোহীত উল আলম

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৫ ৫:২৪ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত


সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগ আয়োজিত ওয়েবিনার ‘মেন্টর টক’-এ আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নিয়ে সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক প্রফেসর ড. মোহীত উল আলম বলেছেন, “শেক্সপিয়র আসলে গ্যালাক্সির মতো। মানবচরিত্রের নিগুঢ় রহস্য বিশ্লেষণে শেক্সপিয়র এখনো প্রাসঙ্গিক। বিশেষ করে তাঁর রচনায় অর্থ, বিত্তের প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বিষয় আজও আমাদের ভাবনার খোরাক জোগায়।”

তিনি আরও বলেন, শেক্সপিয়রের জীবন দর্শন এখনো যেকোনো অনুভূতিশীল মানুষকে গভীরভাবে ভাবায়। ফলে শেক্সপিয়রকে শুধু সিলেবাসের গণ্ডিতে আবদ্ধ রাখা যায় না। রচনার বিচিত্রতা এবং ভাবের গভীরতা দিয়ে তিনি ক্লাসরুম ও থিয়েটার পেরিয়ে মানুষের মন ও চিন্তার গভীরে পৌঁছে গেছেন।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ‘Shakespeare and Money: A New Economic Analysis’ শীর্ষক এ আলোচনায় শেক্সপিয়র বিশেষজ্ঞ ড. মোহীত উল আলম আরও বলেন, বর্তমান প্রজন্মকে শেক্সপিয়র গবেষণায় আরও মনোযোগী হতে হবে। তাঁর নাটকে নারী চরিত্রের বৈচিত্র্য, ক্ষমতার সঙ্গে অর্থের যোগসূত্রসহ নানা বিষয় এখনো গভীর গবেষণার দাবি রাখে।

এসআইইউ ইংরেজি বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রফেসর মোহীত বলেন, “ভাবের আদান-প্রদান ছাড়া জ্ঞানের পূর্ণতা আসে না। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন, শেক্সপিয়রের বহু প্রশ্নের উত্তর আজও মেলেনি, নিত্যনতুন গবেষণার মাধ্যমে সেগুলো তুলে আনতে হবে।

শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি জ্ঞানের বিচিত্র ধারার সঙ্গে যুক্ত করতে এসআইইউ ইংরেজি বিভাগের নিয়মিত আয়োজন ‘মেন্টর টক’-এর এটি ছিল অষ্টম আসর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব। সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক অনামিকা সাহা। প্রাণবন্ত এ আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যানুরাগীরা অংশ নেন।



শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শেক্সপিয়র, মোহীত উল আলম, মেন্টর টক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ