০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

চিরনিদ্রায় শায়িত হলেন শাল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাশ

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৫ ৮:০৫ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লার প্রবীণ রাজনীতিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট অবনী মোহন দাশের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার (৩ আগস্ট) নিজ গ্রামের মহাশ্মশানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।


রোববার সকাল ১০টায় মরদেহ প্রথমে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে সহকর্মী আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে নৌপথে দিরাইয়ের মিলনবাজার হয়ে শাল্লার শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। 

এরপর সর্বস্তরের মানুষ, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অশ্রুসিক্ত বিদায় জানান। পরে তার নিজ এলাকা ১নং আটগাঁও ইউনিয়নের মাহমুদ নগর গ্রামের মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে শনিবার (২ আগস্ট) রাতে বার্ধক্যজনিত কারণে সিলেটের মাউন্টএডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

অবনী মোহন দাশ দুইবার শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

স্থানীয়দের মতে, অবনী মোহন দাশ ছিলেন শাল্লার মাটি ও মানুষের নেতা। পেশায় আইনজীবী হলেও তিনি আজীবন জনসেবায় আত্মনিয়োগ করেন। নির্যাতিত–নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে কখনো পিছপা হননি তিনি।

তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার বলেন, “একসঙ্গে রাজনীতি করেছি। তিনি আইনপেশা ছেড়ে দিয়েছিলেন কেবলমাত্র জনগণের সেবা করার জন্য। মানুষ মাত্রই ভুল করে, কেউ তার দ্বারা কষ্ট পেয়ে থাকলে আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।”

অ্যাডভোকেট অবনী মোহন দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, “অ্যাডভোকেট অবনী মোহন দাশ ছিলেন একজন সৎ, দৃঢ়চেতা ও সমাজবান্ধব রাজনীতিক। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।”

শোক প্রকাশ করেছেন জামায়াতের মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও। তিনি বলেন, “অবনী মোহন দাশ ছিলেন গণমানুষের নেতা। তাঁর অবদান শাল্লার মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

অবনী মোহন দাশ,শাল্লা উপজেলা,সুনামগঞ্জ আওয়ামী লীগ,প্রবীণ রাজনীতিবিদ,সাবেক উপজেলা চেয়ারম্যান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ