০২ জুন ২০২৬

অপরাধ-বিচার / বিচার

ছাতকে প্রধান শিক্ষক মোস্তাক আহমদ সাময়িক বরখাস্ত

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ে দায়িত্বে গাফিলতি, আর্থিক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সোমবার (২১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম এক অফিস আদেশে এই বরখাস্তের সিদ্ধান্ত দেন।

আদেশে উল্লেখ করা হয়, শিক্ষা কার্যক্রমে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এবং অভিযোগের পর গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধানমালা ২০২৪-এর ৫৩(৭) ধারা অনুযায়ী হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, মোহাম্মদ মোস্তাক আহমদ ২০১১ সালের ৮ জুন হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ করে তৎকালীন ইউএনও গোলাম মোস্তফা মুন্নার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এরপর উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বর্তমান ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ছাতক প্রধান শিক্ষক বরখাস্ত,হাজী আবদুল খালিক বিদ্যালয়,মোস্তাক আহমদের অনিয়ম,শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ