রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৫ ২:০৯ অপরাহ্ন
২০ জুলাই, ২০২৪। ইন্টারনেট বন্ধ থাকা, কারফিউ জারি এবং সেনা মোতায়েনের ফলে আগের রাতে মৃত্যুর সংখ্যা নিয়ে আলোচনা বাড়তে থাকে। কখনো শোনা যায় শেখ হাসিনা পালিয়েছে, কখনো শোনা যায় সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে। তবে সকাল থেকেই সিলেটে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হয়ে যায়।
কারফিউ থাকলেও সকালে রাস্তায় সেনাবাহিনীর কোনো টহল ছিল না তাই পর্যাপ্ত দোকানপাট খোলা ছিল, লোকচলাচলও ছিল সড়কে। এর মধ্যে ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে প্রচুর লোকসমাগম দেখা যায় বিভিন্ন বাজারে। তবে সকাল থেকে সিলেটে কোন বিক্ষোভ কর্মসূচি ছিল না।
আগেরদিন (১৯ জুলাই) পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের মরদেহ এদিন সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে দুপুরে মানিক পীর মাজার প্রাঙ্গণে জানাজার জন্য নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। সহকর্মীদের উপস্থিতিতে ভারী হয়ে উঠে পরিবেশ।
তুরাবের জানাজায় সিলেটের শতাধিক সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় কারফিউ না থাকায় জানাজায় এসেছিলেন কয়েকশ স্থানীয় ব্যক্তিবর্গও, সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ। জানাজা শেষে তার মরদেহ সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে রাখা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। তারপর দাফনের জন্য গ্রামের বাড়িতে রওনা হন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা। সেখানে আবারও জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দুপুর ২টা থেকে আবারও কারফিউ শুরু হলে প্রথমবারের মতো সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। এ ছাড়াও পুলিশও গুরুত্বপূর্ণ এলাকায় টহল বজায় রাখে। বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভের জন্য লোকসমাগমের চেষ্টা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও সেনাবাহিনীর টহলের কারণে তা পুরোপুরি সফল হয়নি।
এদিন রাতে নগরীর বিভিন্ন জায়গায় চিরুনি অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন বাসায় ও মেসে অভিযান চালিয়ে আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের গ্রেপ্তারের চেষ্টা করে। এমনকি সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারে দাবির আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন হিসেবে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্তত পাঁচ জন নেতাকে আটক করে পুলিশ।
জুলাই অভ্যুত্থান, কারফিউ, ইন্টারনেট বন্ধ, তুরাবের জানাজা, দাফন, জামায়াতে ইসলামী