১৫ জুন ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

১৮ জুলাই : শাবিপ্রবি বন্ধ, রুদ্র নিহত, ইন্টারনেটবিহীন থেমে যাওয়া সিলেট

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ১:৫৫ অপরাহ্ন


২০২৪ সালের ১৮ জুলাই, বৃহস্পতিবার। কোটা সংস্কার আন্দোলনের উত্তাপে সারা দেশ তখন টালমাটাল। আগের দিনই বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, ধীর করা হয়েছে মোবাইল ইন্টারনেট। কিন্তু তাতেও থামেনি উত্তেজনার পারদ।

সেদিন ভোর থেকেই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয় পুলিশি অভিযান। হল ছাড়ার নির্দেশনা অমান্য করে যারা রয়ে গিয়েছিলেন, তাদের একে একে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

দুপুর ১২টায় শিক্ষার্থীরা অবস্থান নেন ক্যাম্পাসের প্রধান ফটকে, অবরোধ করেন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক। শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, হঠাৎই আসে নির্দেশ, পথ ছেড়ে দিতে হবে। পুলিশ তখন ফটকের সামনেই প্রস্তুত।

দুপুর ১টার দিকে উত্তেজনা চরমে ওঠে। শিক্ষার্থীদের ইট-পাটকেল ছোড়ার পরই পুলিশের পাল্টা অ্যাকশন। শটগান, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট সবই ব্যবহার করা হয়। সংঘর্ষের মাঝেই গুলিবিদ্ধ হন অন্তত তিনজন শিক্ষার্থী ও এক পথচারী। একজন সাংবাদিকও আহত হন বিক্ষোভ কাভার করতে গিয়ে ঢিলবৃষ্টিতে তিনি পড়ে যান মাটিতে।

পুলিশের অভিযানে শিক্ষার্থীরা সরে গেলে বিকেল ৫টার দিকে নতুন রূপ নেয় আন্দোলন। শিক্ষার্থী না হয়েও শিক্ষার্থীদের পাশে দাঁড়ান সাধারণ মানুষ। বিপুল সংখ্যক মানুষ সড়ক অবরোধ করে রাখেন আখালিয়া এলাকায়। সন্ধ্যা ৭টার দিকে সেখানেও শুরু হয় সংঘর্ষ। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে  ঘটনাস্থল থেকে সরে যেতে গিয়ে পার্শ্ববর্তী একটি খাল ভেলায় চড়ে পাড় হতে গিয়ে পানিতে ডুবে নিহত হন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন।

একই রাতে একে একে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ। প্রথমে মোবাইল, পরে ব্রডব্যান্ড। তথ্যপ্রবাহ থেমে যায়। অনলাইন সংবাদমাধ্যমগুলোও কাজ করা বন্ধ করে দেয়।

ঠিক এই সুযোগেই গুজব ছড়ায় শহরময়। কোথাও বলা হয়, প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। কোথাও শোনা যায়, খালেদা জিয়া মারা গেছেন। ঢাকায় হাজার হাজার শিক্ষার্থী নিহত এমন বিভ্রান্তিকর গুজব রাতভর দোল খায় সিলেটে।

সবশেষে রাত ১০টায় নামে প্রবল বৃষ্টি। থেমে যায় আন্দোলন। কিন্তু শহর জুড়ে থেকে যায় আতঙ্কের ছায়া, গুজবের রেশ আর রুদ্র সেনের মৃত্যুতে এক অজানা শূন্যতা।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

সিলেট, জুলাই অভ্যুত্থান, কোটা আন্দোলন, শিক্ষার্থী, শাবিপ্রবি, ইন্টারনেট, গুজব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ