রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন
গত বছরের এই দিনে, ২০২৪ সালের ১৬ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ দিবস আজ। ২০২৪ সালের আজকের এই দিনে আবু সাঈদ পুলিশের অব্যাহত গুলির সামনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে শহীদ হয়েছিলেন। ঠিক তেমনি কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে সিলেট শহরের বন্দরবাজার এলাকায় বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। হঠাৎই সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে নেমে আসে সহিংসতার কালো ছায়া। ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র হাতে হামলা চালান আন্দোলনকারীদের ওপর। রামদা, লোহার রড, বাঁশের লাঠি, স্টাম্পসহ নানা সশস্ত্র উপকরণ নিয়ে হামলায় গুরুতর আহত হন অন্তত ১০ জন আন্দোলনকারী শিক্ষার্থী।
তাদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সিলেট মহানগর শাখার সহসভাপতি সুমিত কান্তি দাস পিনাক (২৮) এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নগর সাধারণ সম্পাদক তানজিনা বেগম (২৬)-কে হাসপাতালে ভর্তি করতে হয়। এছাড়া আরও ৭-৮ জন শিক্ষার্থী বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার শুরু হয় দুপুর তিনটার দিকে সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। সেখানে ছাত্রলীগের সশস্ত্র নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এরপর একটি বড় মিছিল বন্দরবাজারের দিকে অগ্রসর হয়—নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সভাপতি কিশওয়ার জাহান, ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ। সঙ্গে ছিলেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারাও।
বিক্ষোভকারীদের দেখে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেপরোয়া হয়ে উঠেন। আন্দোলনকারীরা মানবঢাল গড়ে প্রতিরোধের চেষ্টা করলেও হামলাকারীদের হাতে নারী শিক্ষার্থীসহ অনেকেই রক্ষা পাননি। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, "হঠাৎ চারদিক থেকে ধেয়ে আসে লোহার রড, বাঁশের লাঠি আর ককটেলের বিস্ফোরণ।"
ঘটনার পর সশস্ত্র মহড়াও চালায় ছাত্রলীগ। শহরের বন্দরবাজার এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ছাত্রলীগ কর্মীরা খণ্ড খণ্ডভাবে এলাকা ত্যাগ করে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ১৭ জুলাই থেকেই সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস শাখা ছাত্রলীগ থেকে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়। বরং তারা দাবি করে, 'আন্দোলনের নামে রাজাকারদের পক্ষ নেওয়া ও স্বাধীনতাবিরোধী উসকানির প্রতিবাদে মিছিল হয়েছে।'
এক বছর পরও সেই দিনটি শিক্ষার্থীদের মনে এক আতঙ্কের নাম হয়ে আছে। কোটা সংস্কার আন্দোলনের একটি মোড় ঘুরে গিয়েছিল সেদিনের সহিংসতায়।
সিলেট, জুলাই অভ্যুত্থান, কোটা আন্দোলন, শিক্ষার্থী