রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
১১ জুলাই, ২০২৪। কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে পুলিশের লাঠিচার্জ ও বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে এসে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দেয় এবং কয়েকজন শিক্ষার্থীর ওপর লাঠিচার্জ করে।
তবে পুলিশের এই বাধা ও লাঠিচার্জ উপেক্ষা করে শিক্ষার্থীরা জোর করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান।
ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেছিলেন, ‘জনদুর্ভোগ এড়াতে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করতে বাধা দেয়। শিক্ষার্থীরা জোর করে রাস্তা দখল নিতে চাইলে কিছুটা ধাক্কাধাক্কি হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি।’
প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট সড়কে অবস্থানের পর বিকেল সোয়া ৫টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
এইদিন প্রথমবারের মতো ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে প্রথম মাঠে নামে ছাত্রলীগের নেতাকর্মীরা। সিলেট জেলা শাখার উদ্যোগে বর্তমানে নিষিদ্ধ এই দলটি সেদিন সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে।
জুলাই অভ্যুত্থান, শাবিপ্রবি, সড়ক অবরোধ, কোটা আন্দোলন, ছাত্রলীগ, পুলিশ, লাঠিচার্জ