০২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সিকৃবি উপাচার্য

'করোনা মহামারী স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষা ও সামগ্রিক জীবনব্যবস্থাকে বিপর্যস্ত করেছে'

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৯ জুন, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, ' বর্তমান বিশ্ব করোনা ভাইরাসের ভয়াবহ থাবায় আক্রান্ত। এই মহামারী আমাদের স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষা ও সামগ্রিক জীবনব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। করোনা একটি সংক্রামক রোগ, যা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে পড়ে।' 

তিনি বলেন, 'সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে সরকার সতর্কতামূলক ব্যবস্থা করেছে। করোনাসহ যে সকল ভাইরাল ডিজিজ বিদ্যমান রয়েছে সেই সম্পর্কে আমাদের সচেতনতা জরুরী।' 

বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে করোনার বিস্তার রোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা ও ঈদ পুনর্মিলনীতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, 'করোনার বিস্তার রোধে সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টা সবচেয়ে বেশি জরুরি। সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।' 
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

ড. আমিনুল ইসলাম আরও বলেন, 'করোনার নতুন প্রাদুর্ভাবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলি, সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে করণীয়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফার্স্ট এইড বক্স রাখাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিকৃবি প্রশাসন।' 

সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার
হোসেন প্রমুখ। 

আলোচনাসভা শেষে সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি করোনা সচেতনতা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, করোনা সাব-ভ্যারিয়েন্ট বাংলাদেশ, সিকৃবি উপাচার্য বক্তব্য, করোনা প্রতিরোধ কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ