০২ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

আম্বরখানা ও বাদামবাগিচায় অভিযান: এক বেকারিকে জরিমানা, অন্যটির বিরুদ্ধে মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন


সিলেট নগরীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। বুধবার (২ সেপ্টেম্বর) নগরের আম্বরখানা ও বাদামবাগিচা এলাকায় পরিচালিত এই অভিযানে দুটি বেকারিতেই মেলে গুরুতর অনিয়মের প্রমাণ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং অন্যটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।


আম্বরখানার রুপালি বিস্কুট প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, খাদ্য প্রস্তুতের কাজে পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় বিএসটিআই নিবন্ধনও ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির পাশাপাশি ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ও ফাংগাসযুক্ত সিঙ্গারা, সমুচা, পাউরুটি এবং বিভিন্ন রোলজাতীয় খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এসব অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


এরপর বাদামবাগিচা এলাকার প্রেসিডেন্টস বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিষিদ্ধ কেমিক্যালের ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিকপক্ষ বা কোনো দায়িত্বশীল প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।


একই দিন সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক একটি অভিযানে মাদকবিরোধী তৎপরতা চালিয়ে একজন মাদকসেবীকে আটক করে প্রচলিত আইনে কারাদণ্ড দেওয়া হয়। একই সময়ে টিকিট কালোবাজারি রোধেও অভিযান চালানো হয়, তবে এ কাজে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য অধিদপ্তর, মোবাইল কোর্ট, বেকারি, জরিমানা, মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ