০২ মে ২০২৬

নবযাত্রা

‘হাইপারলোকাল‘ গণমাধ্যম হিসেবে সিলেট ভয়েস-এর নবযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৫ ৩:২৬ অপরাহ্ন


দেশের প্রথম ‘হাইপারলোকাল‘ গণমাধ্যম হিসেবে নবযাত্রা শুরু করেছে সিলেট ভয়েস। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সিলেট বিভাগের জনপ্রিয়  নিউজপোর্টাল হিসেবে সর্বমহলে পরিচিতি লাভ করে সিলেট ভয়েস। 

মাঝপথে কারগরি ত্রুটি ও কিছু প্রতিবন্ধকতার কারণে বন্ধ ছিল পোর্টালটি। তবে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে এবার নবরূপে ফিরেছে সিলেট ভয়েস। এবারের ফেরাটাও ভিন্ন। দেশের প্রথম ‘হাইপারলোকাল‘ গণমাধ্যম হিসেবে এবার নবরূপে-নব উদ্যোমে যাত্রা শুরু করেছে সিলেট ভয়েস এছাড়াও সিলেট ভয়েসে নতুনত্ব হিসেবে রয়েছে একটি স্পষ্ট সম্পাদকীয় নীতিমালা।

‘হাইপারলোকাল‘ শব্দটি সিলেটের গণমাধ্যম তথা দেশের মধ্যে প্রথম হিসেবে ব্যবহার করেছে সিলেট ভয়েস। হাইপারলোকালণ বলতে বোঝায়-খুব নির্দিষ্ট, ছোট একটি ভৌগোলিক এলাকা বা সম্প্রদায়ের জন্য তৈরি তথ্য, পণ্য বা পরিষেবা। আর বর্ণনা করে বললে এর অর্থ দাঁড়ায় একটি পাড়া, একটি শহর কিংবা একটি অঞ্চল ভিত্তিক তথ্য পরিষেবা। 

সিলেট ভয়েস শুধুমাত্র সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, ব্যবসা-বাণিজ্য, সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করার প্রত্যয় নিয়েই হাইপারলোকাল শব্দটি ব্যবহার করেছে। 

দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণমাধ্যমের একটি বড় অংশ রাজধানী ঢাকা-কেন্দ্রিক। রাজধানীর বাইরে থাকা ঘটনাগুলো কেবল তখনই জাতীয় গুরুত্ব পায়, যখন তা কোনো ‘সংবেদনশীলতা’ সৃষ্টি করে। যেমন প্রাকৃতিক দুর্যোগ, বড়সড় দুর্ঘটনা বা রাজনৈতিক সংঘাতের মতো ঘটনা। কিন্তু প্রতিদিন যে ছোট ছোট সংকট, দুর্ভোগ, উদ্ভাবন কিংবা সাফল্যের গল্প সৃষ্টি হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে, সেগুলোর প্রতি কেন্দ্রের আগ্রহ থাকে না। এই কেন্দ্রীভবন কেবল ভূগোলের প্রশ্ন নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির সংকট। সংবাদকে কেন্দ্রের দৃষ্টিকোণ থেকে দেখার যে প্রবণতা তৈরি হয়েছে, তা দেশের বিশাল সংখ্যক মানুষকে গণমাধ্যম কাঠামোর বাইরে ঠেলে দিয়েছে।

এই পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকতা—বিশেষ করে ‘হাইপারলোকাল সাংবাদিকতা’—শুধু বিকল্প নয়, বরং অপরিহার্য হয়ে উঠেছে। হাইপারলোকাল সাংবাদিকতা মানে একটি নির্দিষ্ট অঞ্চলের ছোট ছোট সমস্যাকে গুরুত্ব দেয়া, একটি এলাকার মানুষের কথা তুলে ধরা, এমনকি একটি ওয়ার্ড বা ইউনিয়নের অভ্যন্তরীণ ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করাও এর অন্তর্ভুক্ত। এটি এমন এক ধারা, যেখানে বড় পটভূমির সঙ্গে ছোট ঘটনাগুলোর সংযোগ খোঁজা হয়। একজন কৃষকের জল সংকট, একটি স্কুলের নারী শিক্ষকের আবাসন, একটি গ্রামীণ বাজারের পরিবেশগত দূষণ কিংবা একজন প্রবাসীর পাঠানো রেমিটেন্স কীভাবে গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলে—এসবই হাইপারলোকাল সাংবাদিকতার আওতায় পড়ে।

এই প্রেক্ষাপটে সিলেটের একসময়ের পাঠকনন্দিত ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট ভয়েস’ হাইপারলোকাল নিউজ পোর্টাল হিসেবে নিজেকে পুনর্গঠনের পথে হাঁটছে। এটি সময়ের দাবি। এটি কেবল একটি ওয়েবসাইটের রি-ডিজাইন নয়, বরং একটি আদর্শিক অবস্থান। 


শেয়ার করুনঃ

নবযাত্রা থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ