১৩ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে ট্রিপল মার্ডার: হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ১:১২ অপরাহ্ন


সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গ্রেপ্তার হওয়া বাবুল মিয়ার দেখানো স্থান থেকে ছোরাটি উদ্ধার করা হয়।


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় তিনজনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন বাসার মালিক মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।


হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে ওই দিন বিকেল সাড়ে তিনটার দিকে রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনির বাসা থেকে বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত নূর মিয়া ওরফে কবিরাজের ছেলে।


পুলিশের জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বাবুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে তার দেখানো স্থান থেকে ছোরাটি উদ্ধার করা হয়।


সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম গতকাল গণমাধ্যমকে জানান, গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের পূর্বপরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তিনি ওই বাসায় গেলে তাহমিনা দরজা খুলে তাকে ভেতরে প্রবেশ করতে দেন। পরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল তাহমিনাকে ছুরি দিয়ে আঘাত করেন।


পুলিশ কমিশনার আরও জানান, এ সময় সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে আব্দুস সাত্তার এগিয়ে এলে তার সঙ্গে বাবুলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর বাবুল বারান্দা দিয়ে পালিয়ে যান।


পরে পুলিশের বিশেষ দল রায়নগর এলাকায় বাবুলের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ছোরাটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এর আগে বুধবার সকালে মিতালী ১১১ নম্বর বাসা থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর বাসাটি ঘিরে ক্রাইম সিন হিসেবে তদন্ত চালায় পুলিশ। হত্যাকাণ্ডের পরদিন ব্যবহৃত ছোরা উদ্ধারের মধ্য দিয়ে তদন্তে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেল বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ছোরাসহ অন্যান্য আলামত পরীক্ষা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো বিষয় আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট ট্রিপল মার্ডার, রায়নগর ট্রিপল মার্ডার, রায়নগর হত্যাকাণ্ড, হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার, সিলেটে তিন খুন, মিতালী ১১১, বাবুল মিয়া, ছোরা উদ্ধার, সিলেট মহানগর পুলিশ, সিলেটের খবর, রায়নগর হত্যাকাণ্ডের তদন্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ