২২ আগস্ট ২০২৬

সিলেটজুড়ে

তাহিরপুরে হত্যার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ২:৫০ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডের পর এবার প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদামপট্টিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রুমা আক্তার।


তিনি বলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে গত ১৫ আগস্ট শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পরদিন ১৬ আগস্ট রানা মিয়া, আলতাব ও আব্দুর নুরের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িঘরে হামলা চালায়।


রুমা আক্তারের অভিযোগ, হামলার সময় নারী ও শিশুরা বাড়ি থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে গবাদিপশু, ধান, মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।


লিখিত বক্তব্যে আরও বলা হয়, মামলা করার পর ১৭ আগস্ট একই ব্যক্তিরা তাদের আত্মীয়স্বজনের বাড়িঘরে আবার হামলা চালান। এ সময় তারা দরজা ভেঙে ঘরে ঢুকে টিনের বেড়া, শোকেস ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে শোকেসের তালা ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণ, ছয় ভরি রুপা, নগদ ৮০ হাজার টাকা, ১০০ মণ ধান, ফ্রিজ, গবাদিপশু, ধান ভাঙানোর মেশিন ও পাওয়ার টিলারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।


এ সময় বাধা দিতে গেলে তামান্না বেগমকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।


এ ঘটনায় আছমা খাতুন ১৭ আগস্ট তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, হামলা ও লুটপাটের ঘটনায় তাঁরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ব্যক্তিদের একজন বলেন, ‘তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ঘটনা আড়াল করতে এখন নিজেরাই ভাঙচুর ও লুটপাটের ঘটনা তৈরি করেছে।’


এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক আহমদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

সিলেটজুড়ে থেকে আরো পড়ুন

তাহিরপুরে হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ, সুনামগঞ্জের খবর, তাহিরপুর সংবাদ সম্মেলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ