রায়নগর হত্যাকাণ্ড: ঈদের পরই কাজে এসেছিল তাহমিনা, ফিরতে হচ্ছে লাশ হয়ে
দৈনন্দিন
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসায় কাজের মেয়ে হিসেবে এসেছিল ছাতকের তাহমিনা। কোরবানির ঈদের পর নতুন করে কাজ শুরু করেছিল ১৫ বছর বয়সী এই কিশোরী। দিনমজুর বাবার সংসারে একটু স্বস্তি আনতে কাজ করছিল সে। কিন্তু কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো তাহমিনাকে।
বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসা থেকে তাহমিনাসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অপর দুজন ওই বাসার বাসিন্দা এম এ সাত্তার (৮২) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২)।
পুলিশ জানিয়েছে, তিনজনেরই গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তাহমিনার বাড়ি সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার এলাকায়। তার বাবা আপ্তাব মিয়া পেশায় একজন দিনমজুর। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির ঈদের পর তাহমিনা রায়নগরের ওই বাসায় কাজের মেয়ে হিসেবে আসে।
পরিবারের সঙ্গে সিলেট শহরের জল্লারপাড় এলাকার বাচ্চু মিয়ার কলোনিতে থাকত তাহমিনা। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল পরিবারের বড়। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অল্প বয়সেই কাজ শুরু করতে হয়েছিল তাকে।
তাহমিনার মামা রাহিম মিয়া বলেন, কোরবানির ঈদের পর তাহমিনা ওই বাসায় কাজে যায়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কাজ করে সংসারে সহযোগিতা করত সে।
এদিকে বুধবার সকালে তাহমিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। বাবা-মায়ের আহাজারি যেন থামতেই চাইছে না। আদরের মেয়েকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা মেয়ের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। যে মেয়েটি পরিবারের জন্য কিছুটা আয় করার আশায় কাজে গিয়েছিল, তার এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনেরা।
রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় বুধবার সকালে তিনজনের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়। সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাকাতি, পারিবারিক বিরোধ ও সম্পত্তিসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র পাওয়া গেছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
তাহমিনা, রায়নগর হত্যাকাণ্ড, সিলেট ট্রিপল মার্ডার, রায়নগরে তিন খুন, কাজের মেয়ে তাহমিনা, তাহমিনা হত্যা, সিলেটের হত্যাকাণ্ড, রায়নগর মিতালী ১১১, তাহমিনার পরিবার, দিনমজুরের মেয়ে