ছুটি নিয়ে গোপনে অস্ট্রেলিয়ায় পাড়ি, চাকরি হারালেন সুনামগঞ্জের দুই শিক্ষক
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন
শারীরিক অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছিলেন কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু দেশে নয়, পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। ছুটির মেয়াদ ফুরোলেও আর ফেরেননি কর্মস্থলে। এমন অভিযোগে সুনামগঞ্জের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিন্স চন্দ্র তালুকদার এবং রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা। রোববার এ সংক্রান্ত একটি অফিস আদেশ সাংবাদিকদের হাতে পৌঁছেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৪ মে চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় যান পাপিয়া সুলতানা। ছুটি শেষ হওয়ার পরও তিনি আর বিদ্যালয়ে যোগ দেননি। অন্যদিকে প্রিন্স চন্দ্র তালুকদার গত বছরের ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যান। তিনিও নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরেননি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই শিক্ষকই তাদের বিদেশযাত্রার বিষয়টি প্রধান শিক্ষক কিংবা সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়কে জানাননি। এমনকি প্রিন্স চন্দ্র তালুকদার পাসপোর্ট তৈরির জন্যও কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর দুই শিক্ষকের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া শুরু হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (গ) উপবিধি অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।
চলতি বছরের ১৫ মার্চ পৃথক স্মারকের মাধ্যমে দুই শিক্ষকের স্থায়ী ঠিকানায় অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে জবাব চাওয়া হয়। তবে তারা কোনো জবাব দেননি। পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলে।
গত ৩০ জুন দাখিল করা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাপিয়া সুলতানা ২০২৫ সালের ৪ মে থেকে এবং প্রিন্স চন্দ্র তালুকদার একই বছরের ৪ নভেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে গুরুদণ্ড হিসেবে দুই শিক্ষককেই চাকরিচ্যুত করা হয়েছে। দ্রুতই এ আদেশ কার্যকর করা হবে।
শিক্ষক বরখাস্ত, অস্ট্রেলিয়ায় পাড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছুটি নিয়ে অস্ট্রেলিয়া, সুনামগঞ্জ, চাকরিচ্যুতি