০৪ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

উদ্ধারকাজে যাওয়ার পথে পিকআপে ট্রাক উল্টে প্রাণ গেল হবিগঞ্জের পুলিশ সদস্যের

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ২:৪০ অপরাহ্ন


কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে যাওয়ার পথে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবল পারভেজ মিয়া (৩০) হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।


সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যাচ্ছিল ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় চালক সেটি মহাসড়কের পাশে থামান।


এ সময় পেছন থেকে আসা ধানের খোসাবোঝাই একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচে চাপা পড়া পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।


ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহত সদস্যের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং ট্রাকটির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কুলিয়ারচর সড়ক দুর্ঘটনা, হাইওয়ে পুলিশ, পারভেজ মিয়া, হবিগঞ্জ, পুলিশ কনস্টেবল নিহত, ট্রাক দুর্ঘটনা, ভৈরব হাইওয়ে থানা, দাড়িয়াকান্দি, কিশোরগঞ্জ, সড়ক দুর্ঘটনা, ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ