০৩ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

চলতি বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখলো সিলেট, বাড়ছে সংক্রমণের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ১:০৯ অপরাহ্ন


বর্ষার মধ্যেই সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। চলতি বছরে প্রথমবারের মতো ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও দুইজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হওয়ায় বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির ওপর নিবিড় নজরদারির পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


স্বাস্থ্য বিভাগের সোমবার (৩ আগস্ট) প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। তার নাম আফিয়া খানম (৫৪)। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরে সিলেট বিভাগে এটিই ডেঙ্গুতে প্রথম মৃত্যু।


একই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনাক্ত হন।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন ভর্তি আছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে আসা তিনজন রোগীও সিলেট বিভাগের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ডেঙ্গুতে সিলেটে প্রথম মৃত্যু, সিলেট ডেঙ্গু, ডেঙ্গু শনাক্ত, সিলেট স্বাস্থ্য বিভাগ, ডেঙ্গু পরিস্থিতি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ